মেসির হ্যাটট্রিকে রেকর্ড শীর্ষে ফিরল বার্সা

মেসির হ্যাটট্রিকে রেকর্ড শীর্ষে ফিরল বার্সা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

মায়োর্কোর বিপক্ষে কাম্প নউয়ে বার্সেলোনার ম্যাচ মানেই যেন গোল উত্সব। ধারাবাহিকতা বজায় থাকলো এবারও। দারুণ এক হ্যাটট্রিকে দলকে সামনে থেকে পথ দেখালেন লিওনেল মেসি। লা লিগার ম্যাচে শনিবার (৭ ডিসেম্বর) রাতে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচ শুরু হয়েছিল মেসির জেতা ষষ্ঠ ব্যালন ডি’অর শিরোপা প্রদর্শনের মধ্য দিয়ে। তিন ছেলে নিয়ে এসেছিল বার্সেলোনা অধিনায়কের ট্রফি। এদিনই রেকর্ডের মুকুটে যোগ করলেন আরেকটি নতুন পালক। ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড একার করে নিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।  কাম্প নউয়ে এগিয়ে যাওয়ার প্রথম ভালো সুযোগ এসেছিল মায়োর্কার সামনে। কর্নার থেকে দানি রদ্রিগেস খুব কাছে থেকে শট রাখতে পারেননি লক্ষ্যে। সপ্তম মিনিটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের গোল কিক থেকে বল পেয়ে যান অঁতোয়ান গ্রিজমান। বাকিটা সহজেই সারেন এই ফরাসি ফরোয়ার্ড। দুই মাসের মধ্যে এ নিয়ে দলের দুটি গোলে অবদান রাখলেন বার্সেলোনা গোলরক্ষক। ১৬ মিনিটে ইভান রাকিতিচের কর্নারে সার্জিও বুসকেতসের জোরালো হেড ফিরিয়ে দেন মানোলো রেইনা। পরের মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। গ্রিজমানের থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন মেসি। কিছুই করার ছিল না মায়োর্কা গোলরক্ষকের। একের পর এক আক্রমণ করে যাওয়া স্বাগতিকরা ২৮তম মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারতো। সুয়ারেজের শট পোস্টে লেগে বাইরে চলে গেলে নষ্ট হয় চমত্কার একটি সুযোগ। খেলার ধারার বিপরীতে ৩৫তম মিনিটে ব্যবধান কমায় মায়োর্কা। সালভা সেভিয়ার চমত্কার পাস পেয়ে যান আন্তে বুদিমির। তার শট ক্লেমোঁ লংলের পায়ে লেগে জড়ায় জালে। কিছুই করার ছিল না বার্সেলোনা গোলরক্ষকের। ছয় মিনিট পর আরেকটি চমত্কার গোলে ব্যবধান বাড়ান মেসি। রাকিতিচের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া আরেকটি বাঁকানো শট গোলরক্ষককে এড়িয়ে জড়ায় জালে। মায়োর্কার রক্ষণে ভীতি ছড়ানো সুয়ারেজ গোল উত্সবে যোগ দেন ৪৩তম মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে জোরালো ব্যাকহিলে জাল খুঁজে নেন উরুগুয়ের স্ট্রাইকার। লা লিগায় মুখোমুখি হয়েছেন এমন ২৮ দলের সবকটির বিপক্ষে গোলের চক্র পূর্ণ হলো সুয়ারেজের।  দ্বিতীয়ার্ধে এতোটা ধার ছিল না বার্সেলোনার খেলায়। সেই সুযোগে ৬৪তম মিনিটে ব্যবধান কমায় মায়োর্কা। ফ্রান গামেসের ক্রসে হেড করে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে বুদিমির। এগিয়ে না গিয়ে জায়গায় দাঁড়িয়ে থাকলে সহজেই হেড ফেরাতে পারতেন টের স্টেগেন। ষষ্ঠ ব্যালন ডি’অর মেসি উদযাপন করেন লা লিগায় নিজের ৩৫তম হ্যাটট্রিক দিয়ে। ৮৩তম মিনিটে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন বার্সেলোনা অধিনায়ক। মায়োর্কার বিপক্ষে সবশেষ ৬ ম্যাচে এটি তার একাদশ গোল। এবারের লা লিগায় সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন মেসি (১২)। পেছনে ফেলেছেন ১১ গোল করা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading