বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে উত্সবের আমেজের পাশাপাশি জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। একইসঙ্গে মুজিববর্ষ পালনের জন্য সরকারের নেয়া পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর কর্মসূচী পালন করা হবে। এরই অংশ হিসেবে ধুলামুক্ত পরিবেশ তৈরিতে সকলকে কাজ করারও আহ্বান জানান তিনি। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির বৈঠকে কর্মপরিকল্পনা ও কর্মসূচী বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসানসহ বিভিন্ন দফতর বা সংস্থা প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এলজিআরডিমন্ত্রী বলেন, আগামী বছর ২০২০ সালের ১৭ মার্চ থেকে বছরব্যাপী মুজিববর্ষের কর্মসূচী শুরু হবে। তার আগে ১০ জানুয়ারি ২০২০ সাল থেকে ক্ষণগণনা শুরু হবে। তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি বিভাগের আওতাধীন প্রায় ৩০টি দপ্তর বা সংস্থা রয়েছে। তারা কি কি কর্মসূচী পালন করবে তা নিয়ে একটি বুকলেট তৈরি করা হবে। বৈঠকে প্রধান সমন্বয়ক ড. কামাল নাসের বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মহান নেতাদের জন্মশতবার্ষিকী যেমন আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয় বাংলাদেশেও তেমনিভাবে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করা হবে। সভায় জানানো হয়, মুজিববর্ষ পালন উপলক্ষে লোগো ও পোস্টার তৈরির কাজ চলছে।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রদানকৃত সেবা সমূহের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ১২টি সেবা চিহ্নিত করে প্রতিমাসে একটি করে সুনির্দিষ্ট সেবা প্রদানের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর দেশের আর্সেনিক প্রবণ এলাকায় বিনামূল্যে ৮০ লাখ নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা ও চিহ্নিতকরণের কাজ করবে। জেলা পরিষদের উদ্যোগে প্রতি উপজেলায় কমপক্ষে একটি লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে। বিভিন্ন দপ্তর বা সংস্থা বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের চিত্র ও বক্তব্য প্রদর্শনী এবং রচনা প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading