অ্যামাজন প্রাইমে আরিফিন শুভ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
ভিডিও স্ট্রিমিং সাইট অ্যামাজন প্রাইমে এলো আরিফিন শুভ অভিনীত আমেরিকার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হলি অ্যান্ড মলি’। এই সময়ে মানুষের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত কমেডি ঘরানার এ চলচ্চিত্রে রানা নামে এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন শুভ। তার সহশিল্পী হিসেবে আছেন ইন্ডিয়ান বংশদ্ভূত আমেরিকান মডেল-অভিনয়শিল্পী মেরিনা ল্যাঙ, মহুয়া রয়ের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রের গল্পও লিখেছেন তিনি। আরিফিন শুভ বলেন, ‘কয়েকমাস আগে একটি ওয়ার্কশপে অংশ নিতে আমেরিকায় গিয়েছিলাম। সেখানে অ্যামাজন প্রাইমের একটি স্লটের এই কাজটি করার অফার পাই। মাস তিনেক আগে শুটিং করি। ভিন্ন ভাষার ভিন্ন দেশের কাজের অভিজ্ঞতা অর্জনের জন্যই মূলত এই কাজের সঙ্গে যুক্ত হয়েছিলাম।’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আমেরিকান নির্মাতা-প্রযোজক অ্যাডাম মেহের। নির্মাণের পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। গত ১৭ অক্টোবর অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি প্রকাশের পর দর্শকদের তরফ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সাইমন নিক থেকে লেখা হয়েছে, ‘লসএঞ্জেলসের সম্পর্কগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে; এককথায় দারুণ একটি কাজ।’ আসছে বছর ঈদে মুক্তি পাবে শুভ অভিনীত বিগ বাজেটের চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’।

