শীতকালে ওজন বাড়ে, গবেষণা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩২
শীতে ওজন বাড়ে অনেকের। কেন বাড়ে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কারণ বিষয়টি মানুষভেদে ভিন্ন হয়। গবেষণায় দেখা গেছে, শীতকালে অধিকাংশ মানুষের ওজন তিন থেকে পাঁচ কেজি বাড়ে। কারণ ঋতু পরিবর্তনের প্রভাব। ‘সিজনাল অ্যাফেক্টিভ ডিজওর্ডার (এসএডি)’ হলো এক ধরনের ঋতুনির্ভর হতাশাগ্রস্ততা, যা আমাদের মন-মেজাজের ওপর বিরূপ প্রভাব ফেলে এবং কর্মস্পৃহা কমিয়ে দেয়।
শীতকালে রোদ কম হয় বলে স্বাস্থ্যের ওপরও তা ক্ষতিকর প্রভাব ফেলে। পরিশ্রম বা ব্যায়াম করার আগ্রহও কমে যায়। ফলে ওজন বৃদ্ধি পায়। ওজন নিয়ন্ত্রণে রাখার আগ্রহ কমে যাওয়ার আরেকটি কারণ হলো ঠাণ্ডা আবহাওয়া। শরীরচর্চার পরিবর্তে বেশিরভাগ মানুষ লেপ-কম্বল মুড়ি দিয়ে আয়েশে দিন কাটান। কনকনে ঠাণ্ডায় শারীরিক পরিশ্রম করাটা বেশ কঠিন। এ জন্য চাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতা। রাত বড় মানেই ঘুম বেশি। ঘুম বেশি মানে পরদিন শরীরের ম্যাজম্যাজ ভাব। যত বেশি ঘুমাবেন, শরীরের স্বাভাবিক চক্রের ওপর তত প্রভাব ফেলবে। বাড়বে আলসেমি। এতেও ব্যায়ামের রুটিন নষ্ট করবে। শীতকালে পরিশ্রম কমার পাশাপাশি ভারি এবং উষ্ণ খাবার খাওয়ার মাত্রা বেড়ে যায়। এ খাবারগুলো শরীরের তাপমাত্রা এবং খাওয়ার ইচ্ছা দুটোই বাড়িয়ে দেয়।
শুনতে ভালো মনে হলেও বিপাকক্রিয়ার আকস্মিক দ্রুততা চর্বি কমানোর বদলে আরও বাড়িয়ে দেয়। বিপাকক্রিয়া বাড়লে তা আগের চেয়ে বেশি শক্তি খরচ করতে চায়, যা শরীর উষ্ণ রাখতে সাহায্য করে। এতে ক্ষুধা বাড়ে। ফলে খাওয়ার পরিমাণও বাড়ে। তাই সব খাবার পরিমাণমতো খাওয়া বুদ্ধিমানের কাজ।

