ঢাকা সিটির নির্বাচনে যাবে বিএনপি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৪
মনোনয়নপত্র বিতরণ ২৬ ডিসেম্বের ‘তড়িঘড়ি তফসিল’ দেয়ার অভিযোগ উত্তরদক্ষিণ ষ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘সরকারি দলের প্রার্থীদের জেতাতে নির্বাচন কমিশন তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছে।’ গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করপোরশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আমরা মনে করি যে, তফসিলটা তড়িঘড়ি করেই ঘোষণা করা হলো। আশঙ্কা করছি, তারা সরকারি দলকে জেতানোর জন্যই তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করেছে।’ ‘আমাদের আগেই সিদ্ধান্ত হয়েছিল, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে অংশ নেব এবং আমরা নিচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা এই নির্বাচনেও অংশ নেব। তবে সেটা সম্পূর্ণভাবে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমরা দেখব পরিবেশ-পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে’, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সিটি নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন পুরো নির্বাচনটা ইভিএমে করতে চায়। এটা অত্যন্ত আপত্তিকর এবং আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, ইভিএমে যথেষ্ট সুযোগ থাকবে ভোটের ফলাফল মেনুপুলেট করার, নিয়ন্ত্রণ করার। সেজন্য আমরা এই নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি।’
মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৬ ডিসেম্বের: মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলের আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৬ ডিসেম্বের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। জমা নেওয়া হবে ২৭ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়া হবে ২৮ ডিসেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।’ এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। লন্ডন থেকে স্কাইপে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

