‘বঙ্গবন্ধুর জন্যই এদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে’

‘বঙ্গবন্ধুর জন্যই এদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্যই এদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে।’ গত রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, এই দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর ছিল অকৃত্রিম ভালোবাসা। তিনি সুযোগ পেলেই বারবার সে ভালোবাসার প্রমাণ দিয়েছেন। তিনি এদেশের স্বাধীনতার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। এ দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন তা ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণেই আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি। প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি জাতিসংঘে বাংলায় বক্তৃতা করেছেন।  বাংলা ভাষা ও মাতৃভাষার মর্যাদা তিনি বিশ্বের কাছে তুলে ধরেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ইতিহাস এবং সেই ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুকে জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আরও বেশি গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ভবিষ্যতে দেশ ও জনগণের জন্য কাজ করতে পারে। প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকতে হবে জাতির পিতার অবদানগুলো সবার কাছে তুলে ধরা। তিনি এ সময় জাতির পিতার আদর্শকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত সচিব ও প্রাক্তন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং যুগ্ম সচিব জাহেদা পারভীন সেমিনারে প্রবন্ধ উপস্থাপনা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading