৬ ঘণ্টা পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৬
ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে ছোট ফেরি শাপলা শালুক। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের এজিএম খন্দকার তানভির হোসেন বলেন, ভোর সাড়ে ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

