‌গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া আ.লীগের চ্যালেঞ্জ: কাদের

‌গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া আ.লীগের চ্যালেঞ্জ: কাদের

উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৩০

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৮ ডিসেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, আমরা ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করতে চাই। দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগের জবাবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অভিযোগ করাই বিএনপি’র কাজ। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে । এটা জেনেও তারা অভিযোগ করছে। ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে।

এসময় সাাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির টুঙ্গিপাড়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, নবগঠিত কমিটির যৌথসভা ৩ জানুয়ারি, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোজাফ্ফর হোসেন পল্টু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ মন্ত্রিপরিষদের সদস্যগণ ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading