নিভু প্রদীপ জ্বালিয়ে রাখতেই ঐক্যফ্রন্টের সমাবেশ: তথ্যমন্ত্রী

নিভু প্রদীপ জ্বালিয়ে রাখতেই ঐক্যফ্রন্টের সমাবেশ: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ২২ঃ৫৫

‘নিভু নিভু প্রদীপ’ জ্বালিয়ে রাখতেই ঐক্যফ্রন্ট সমাবেশের ডাক দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একাদশ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে ঐক্যফ্রন্টের ডাকা রোববারের (২৯ ডিসেম্বর) সমাবেশ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ঐক্যফ্রন্ট গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচিতরা শপথ নিয়েছে, এমনকি মহিলা এমপি কোটাও তারা পূর্ণ করেছে। এমপি হিসেবে সংসদ থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে আবার সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা তাদের নিজেদের সঙ্গেই প্রতারণার শামিল। ঐক্যফ্রন্টের মধ্যেই ঐক্য নেই এবং তারা তাদের নিভু নিভু প্রদীপ জ্বালিয়ে রাখতেই সমাবেশের ডাক দিয়েছে বলেও জানান তিনি।

বিএনপির আন্দোলনের বিষয়ে প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে সাজা দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে বিএনপির আন্দোলনের হুমকি আইন ও আদালত অবমাননার শামিল। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির তুমুল আন্দোলন আমরা দেখেছি। তাদের যত সমাবেশ, নিজেদের মধ্যে মারামারিও তত। নেতাদের ওপর কর্মীদের আস্থা নেই। যে নেতারা বোরখা পরে আদালতে জামিন নিতে যান, তাদের ওপর কর্মীদের আস্থা না থাকাই স্বাভাবিক। দেশ আজ জাতর পিতার স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, খাদ্যঘাটতির দেশ থেকে খাদ্যরপ্তানির দেশ, দুর্যোগে সাহায্যগ্রহীতা থেকে সাহায্য প্রদানকারী বাংলাদেশ। গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশ্বের সর্বোচ্চ দেশে রূপান্তরিত হওয়া যারা সহ্য করতে পারে না, তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে তথ্যমন্ত্রী এদের বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading