পশ্চিমবঙ্গ সরকারে যেই থাকুক, ঢাকার বিষয়গুলো ‘রয়েই যায়’: শামা ওবায়েদ

পশ্চিমবঙ্গ সরকারে যেই থাকুক, ঢাকার বিষয়গুলো ‘রয়েই যায়’: শামা ওবায়েদ

উত্তরদক্ষিণ। সোমবার (০৪ মে) ২০২৬, আপডেট ২১:৩০

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যেই থাকুক না কেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশে একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

‘অবৈধ হিসাবে’ চিহ্নিত করে করে সংখ্যালঘু মুসলমানদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার বিষয়ে বিজেপি নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দেখুন, ইন্ডিয়ায় যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, আমাদের সাথে ওদের ইস্যুগুলা কিন্তু রয়েই যায়। তো, ওগুলোতো আমাদের অবশ্যই ডিল করতে হবে।

“বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, আমাদের দিক থেকে আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন, ওটা আছে। আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলোতো আমাদের রয়ে যাচ্ছে। সেগুলো যেই সরকার আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।”

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে আছে ইন্ডিয়ার ক্ষমতাসীন দল বিজেপি। আর তাতে ইন্ডিয়ার এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটতে চলেছে।

পশ্চিমবঙ্গে নির্বাচনের বিষয়ে সরকার ও বিএনপির অবস্থান নিয়ে আরেক প্রশ্নে শামা ওবায়েদ বলেন, “প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। এখানে একটি নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার।

“তবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেহেতু বাংলাদেশে অনেকদিন পরে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সবসময় যেরকম বলে আসছি যে, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকম আমরা চাইব যে আমাদের আশেপাশে ইন্ডিয়াসহ সকল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের বিজয় হোক।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading