শিল্পকলায় ৩ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শেষ হচ্ছে আজ
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:০২
বাংলাদেশের শিল্পকর্মসমূহ ওয়েব প্ল্যাপফর্মের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে তিন দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে শিল্প প্রদর্শনী। আজ এর শেষ দিন। প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত । অ্যালুরিং আর্ট গ্রুপের সহায়তায় ছয়টি দেশের ১৫০’রও বেশি শিল্পীর চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) এ প্রদর্শনী উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী হামিদুজ্জামান খান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যালিগ্রাফার মাহবুব মোর্শেদ ও শিকদার গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মাহফুজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরএসিইউ’র ডেপুটি রেজিস্টার শামীম আহমেদ, ফোকাস বাংলার কাউসার হোসেন মোর্শেদ, বিআরএসিইউ’র আর্ট এবং ফটোগ্রাফি সোসাইটির আবদুল্লাহ আল মামুন, বিআরএসিইউ’র ফিল্ম ক্লাবের উপদেষ্টা নুসরাত জাহান ইমা। এ সম্পর্কে শিকদার গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মাহফুজুর রহমান বলেন, ‘অ্যালুরিং আর্ট গ্রুপের সহায়তায় আমরা অভাবনীয় এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এমন আয়োজনে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত খুশি। এটি একটি অনন্য প্রদর্শনী যেখানে একজন শিল্পী তার সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত।’ অ্যালুরিং আর্টওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন শাকিল বলেন, ‘এই প্রদর্শনী থেকে অর্জিত অর্থের ২০ শতাংশ আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে। এর মাধ্যমে শিল্পীরা এখন জনগণের কাছে সরাসরি তাদের শিল্পের সংযোগ ঘটিয়ে বিক্রি করতে পারেন। একই সঙ্গে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল শিল্পীদের জন্য অর্থ ব্যয় করতে পারবো।’

