দেব নয় রুক্মিণীর সঙ্গে অন্য কেউ
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:০৪
কলকাতার অভিনেত্রী রুক্মিণী মিত্র। দেবের হাত ধরে টলিউডে পা রাখেন তিনি। এরপর যে কয়েকটি ছবি করেছেন, সবগুলোর হিরোই ছিল দেব। সবাই বলতো, দেবের প্রেমিকা হওয়ার ফায়দা নিচ্ছেন তিনি। এবার আর দেব নয়, অন্য নায়কের সঙ্গে জুটি বাঁধলেন রুক্মিণী। নামের পাশ থেকে ঘুচালেন বদনাম। জিতের প্রযোজিত সিনেমা ‘সুইৎজারল্যান্ড’এ অভিনয় করবেন রুক্মিণী। আর এতে তার সঙ্গে জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায়। কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
রুক্মিণীকে শেষ দেখা গিয়েছিল গত পুজোতে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’-এ। সেখানেও ছিলেন দেব। দেবের প্রোডাকশন হাউজ থেকেই প্রযোজিত হয়েছিল সেই ছবি। তবে টেকনিক্যালি সেই ছবিতে রুক্মিণীর হিরো কিন্তু দেব ছিলেন না, ছিলেন নবাগত আদ্রিত। রুক্মিণীর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছিল ওই ছবিতে। তবে লোকে যে বলে, দেব আছেন বলেই নাকি এত পরিচিতি পাচ্ছেন তিনি! রুক্মিণীর কথায়, “যারা বলছে, তাদের এই দৃষ্টিভঙ্গিটা ঠিক নেই। ‘চ্যাম্প’ এক মাত্র ছবি যেটা দেব নিজে থেকে আমাকে অফার করেছিল। কিন্তু ‘ককপিট’, ‘কবীর’ আর ‘কিডন্যাপ’ পরিচালকরাই অফার করেন আমাকে। সকলেই আগে দেবের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞেস করেছিলেন, আমি করব কি না। কিন্তু দেব সকলকে বলেছিল, ‘চ্যাম্প’ করতে বলার জন্য ছ’মাস যে ঝগড়া হয়েছে, তাতে ও অন্তত আমাকে বলবে না! যে চরিত্রগুলো আমাকে অফার করা হয়েছে, যেমন ধরুন ইয়াসমিনের (কবীর) চরিত্রটা, সে তো বাঙালি না। আমার চেহারাটা কিন্তু ভীষণ কসমোপলিটান। অনেক ধরনের চরিত্রের সঙ্গে মানিয়ে যায়। এখন দেবের প্রযোজনায় পরপর ছবি করছিলাম বলে লোকে এ সব ভাবতেই পারে। কিন্তু দেখুন ‘কিডন্যাপ’ তো সুরিন্দরের। এর আগে জিতের প্রোডাকশন থেকে ‘বাচ্চা শ্বশুর’ আর ‘শেষ থেকে শুরু’র অফার পেয়েছিলাম। কিন্তু ‘কিডন্যাপ’ আর ‘পাসওয়ার্ড’-এর সঙ্গে ডেটস ক্ল্যাশ করছিল। আই নো ইটস হার্ড টু বিলিভ, কিন্তু এটাই পুরুষতান্ত্রিক সমাজের সমস্যা।” সে যাই হোক, আপাতত রুক্মিণী-আবিরের নইয়া জুটিকে দেখতে মুখিয়ে দর্শকেরা।

