অস্ট্রেলিয়ান ওপেনে নেই নিশিকোরি
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:২২
নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তবে এই আসরে খেলতে পারবেন না জাপানিজ টেনিস তারকা কেই নিশিকোরি।
কনুইয়ের ইনজুরির কারণে নিজের নাম প্রত্যাহার করছেন তিনি। নিশিকোরি এক বিবৃতিতে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাকে এটিপি কাপ ও অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে। শীর্ষ পর্যায়ের এই ধরনের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার মত শতভাগ ফিট এখনো আমি হয়ে উঠতে পারিনি। যে কারণে দলের সকলের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। অস্ট্রেলিয়া যেহেতু আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি, সে কারণেই এই ধরনের সিদ্ধান্ত নেয়া মোটেই সহজ নয়।’
অক্টোবরে নিশিকোরির কনুইয়ে অস্ত্রোপচার করা হয়েছে। তারপর থেকে তিনি কোর্টের বাইরে আছেন। আগামী মাসে পার্থে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এটিপি কাপে জাপানী দলে শীর্ষ খেলোয়াড় হিসেবে তার স্থানে জায়গা পেয়েছেন ইয়োশিহিতো নিশিকোরি। এর আগে কোমরের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বৃটেনের এন্ডি মারে।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে আগামী ৩-১২ জানুয়ারি প্রথমবারের মত এটিপি কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রিসবেন, পার্থ ও সিডনি এই তিনটি শহরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের মাধ্যমে সর্বোচ্চ ৭৫০ সিঙ্গেলস ও ২৫০ ডাবলস এটিপি র্যাঙ্কিং পয়েন্ট নিজেদের নামের পাশে যোগ করার সুযোগ পাচ্ছে খেলোয়াড়রা। টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ১৫ মিলিয়ন মার্কিন ডলার। ২৪টি দেশ ছয় গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। রাউন্ড রবিন লিগ থেকে আটটি দল নক আউট পর্বে খেলার সুযোগ পাবে।

