মেয়র আতিকের পদত্যাগ

মেয়র আতিকের পদত্যাগ

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১৯:৩০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে উত্তর সিটি করপোরেশনের সচিবের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী নতুন করে একই পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার এই পদত্যাগ।

সদ্য বিদায়ী মেয়র আতিকুলের রাজনৈতিক সচিব সাইফুদ্দিন ইমন গণমাধ্যমকে বলেন, স্যার (আতিক) বিকালে সিটি মেয়রের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে উনার পক্ষে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। ইমন জানান, পদত্যাগপত্রে মেয়র স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর পরপরই আতিকের পদত্যাগপত্র গ্রহণের কথা স্থানীয় সরকার বিভাগের এক আদেশে জানানো হয়।

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনে গত বছর ফেব্রুয়ারিতে বিজয়ী হন একসময়ের ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। গতবারের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এর আগেই মেয়র প্রার্থীদের পদত্যাগের বাধ্যবাধকতা থাকায় আতিক পদত্যাগ করলেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটযুদ্ধ অনুষ্ঠিত হবে।

এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading