প্রাথমিক সমাপনীতে দেশ সেরা গাজীপুর
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩৬
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় গড় পাসের হারে দেশের ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকার পাশের জেলা গাজীপুর।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।
এবার গাজীপুরে গড় পাসের হার ৯৯ দশমিক ১৪ শতাংশ। পাসের এ খবরে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আনন্দ-উল্লাস হয়।
এই ফলের কৃতিত্ব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দিলেন শিক্ষা কর্মকর্তারা।
এ জেলায় সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা ৭৭৫টি। এছাড়া কিন্ডার গার্টেনসহ বেসরকারি প্রাথমিক স্কুল রয়েছে এক হাজার ৯৯৯টি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর গাজীপুর জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৬১ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। এদের পাস করেছে ৬১ হাজার ৪৬৮ জন। আর অকৃতকার্য হয়েছে ৩০১ জন।
এবার গাজীপুর থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ১৩৯ জন।
গাজীপুরের উপজেলাগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে ভালো করেছে কালীগঞ্জ। এ উপজেলায় এবার পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ।
| গাজীপুরের উপজেলাগুলোতে পাসের চিত্র | |
| উপজেলা | পাসের হার (%) |
| কালীগঞ্জ | ৯৯.৭৮ |
| কালিয়াকৈর | ৯৯.৬৬ |
| শ্রীপুর | ৯৯.৫১ |
| সদর | ৯৯.৩২ |
| টঙ্গী | ৯৬.৬১ |
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, “জেলার শিক্ষার্থী ও অভিভাবকরা সচেতন থাকায়, শিক্ষকরা আন্তরিক থাকায়, প্রশ্নকাঠামো সঠিকভাবে অনুসরণ করায় এবং শিক্ষা কর্মকর্তাদের ভালো সুপারভিশন থাকায় এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় দেশের শীর্ষ অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।”
গাজীপুরে জেলা ইবতেদায়ী পরীক্ষায় ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৭৫৮ জন। ইবতেদায়ী পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭৯ জন। এ পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ১১৩ জন শিক্ষার্থী।
তবে ইবতেদায়ী সমাপনীতে আট বিভাগের মধ্যে রাজশাহী বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৯৭ দশমিক ৮১ শতাংশ।
গত বছর সারা দেশে প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৫৯ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৭ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

