দেশব্যাপী বই উৎসব
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩৭
ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বুধবার (১ জানুয়ারি) রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব। বছর শুরুর দিন সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। লাখ লাখ শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের এই বই তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।
কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসবের আয়োজন করে। সেখানে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে এই বই উৎসবের আনুষ্ঠানিকতা ছিল বেশ জাক-জমকপূর্ণ। মন্ত্রী, সাংসদ, সচিব ছাড়াও উৎসবে শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে এসে নতুন বই হাতে বাড়ি ফিরছে।
বই উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংসদ শিরিন আক্তার, নজরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন প্রমুখ।
অপরদিকে, এদিন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই বিতরণ উৎসবের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে দেশজুড়ে।

