ফিফার জরিমানায় বাফুফে
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৩২
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ চলাকালীন এক অপ্রীতিকর ঘটনা ঘটে। স্বাগতিক দর্শকরা নিরাপত্তা বেষ্টনী (ফেন্স) টপকিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেছিল। এ কারণে বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রা (১৩ লাখ ২২ হাজার ১৩৮ টাকা) জরিমানা করেছে ফিফা।
ফিফার এ জরিমানার পাশাপাশি আছে আরেকটি নেতিবাচক খবর। এএফসি বাফুফেকে সতর্ক করেছে তাদের বেতনভূক্ত কোচরা দায়িত্বে গরহাজির থাকায়। বাফুফের যে ১৯ কোচ আছেন এএফসির বেতনভূক্ত, তাদে মধ্যে ১৫ জন নিয়মিত হাজিরা খাতায় সাক্ষর দিতেন না, কিংবা অনুপস্থিত থেকেছেন। তাদের মোট ২৮ হাজার মার্কিন ডলার বেতন কেটে নিয়ে বাফুফেকে সতর্ক করেছে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
সম্প্রতি এসব তথ্য দেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এছাড়া আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনা আসার ব্যাপারেও কথা বলেন তিনি।
সালাম মুর্শেদী বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবে বাফুফে। মুজিববর্ষের মধ্যেই আনা হবে ডিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টাইন কিংবদন্তি দুইদিন থাকবেন বাংলাদেশে।’

