ফখরুলের ধারণা ৯০% জনগণ সরকারের বিপক্ষে
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৪২
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন ৯০ শতাংশ মানুষ সরকারের বিপক্ষে। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় বসে আছে। জনগণের সরকার তো তারা নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ১০০ জনকে জিজ্ঞাসা করলে ৯০ জনই বলবে এই সরকারকে চাই না। আমি ভুল বলছি না। ওবায়দুল কাদের আসুন, আপনার ওই পুলিশ বাদ দিয়ে দেখুন, মানুষ কী বলে। দেখুন, দেয়ালে কী লেখা।’
বুধবার (১ জানুয়ারি) বেলা ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘আজকে পত্রিকায় একটি কলাম ছাপা হয়েছে। আওয়ামী পন্থী এক লেখক সেটা লিখেছেন। তিনি কিছুদিন আগে সিলেট গিয়েছিলেন। কলামে বলছেন, মানুষ আর পছন্দ করছে না এই সরকারের মন্ত্রীদের। সরকারকে বলবো দেয়াল ভাষা পড়ুন। মানুষ কী বলতে চায়, তা দেখুন।’ সারাদেশের মানুষ পরিবর্তন চায় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা নতুন সরকার দেখতে চায়, জনগণের সরকার দেখতে চায়। বন্দুক দিয়ে কিছু দিন আটকে রাখা যায়। সব সময় ধরে রাখা যায় না।’
ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভা চলাকালে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এছাড়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রধান ফটকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
ছাত্রদল নেতাকর্মীদের মির্জা ফখরুল বলেন, ‘আমরা তোমাদের পথের দিশা দেখাতে পারি, কিন্তু সেই পথে পথিকৃত কারা হবে? তোমরাই হবে। তোমরাই সেই ভ্যানগার্ড, যারা সামনে এগিয়ে যায়, যাদের কোনও পিছুটান থাকে না। যারা পৃথিবীর সভ্যতাকে পাল্টে দেয়, তারাই তরুণ সমাজ। কবিরা বলছেন, যারা যুবক তাদেরই এখন যুদ্ধে যাওয়ার সময়। তোমাদের দিকে জেলখানা থেকে তাকিয়ে আছেন আমাদের নেত্রী খালেদা জিয়া।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘অনেকে আমাদের প্রশ্ন করেন, কেন আমরা সিটি নির্বাচনে অংশ নিচ্ছি। অনেক বলেছেন, ২০১৪ সালে নির্বাচনে না গিয়ে আমরা ভুল করেছি। সেই কারণে ২০১৮ সালে নির্বাচনে গিয়ে প্রমাণ করেছি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন আমরা সিটি নির্বাচনে অংশ নিয়ে বারবার প্রমাণ করতে চাই, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

