খসড়া ভোটার তালিকা প্রকাশ ২০ জানুয়ারি

খসড়া ভোটার তালিকা প্রকাশ ২০ জানুয়ারি

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৪৪

নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ জানুয়ারি ভোটার তালিকার হালনাগাদ খসড়া প্রকাশ করা হবে। ইসি থেকে বুধবার (১ জানুয়ারি) মাঠ প্রশাসনে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেনের সই করা চিঠিটি জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সব কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে ২০ জানুয়ারি ভোটার তালিকার খসড়াসংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যেকোনও স্থান এবং সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন বলেন, খসড়া তালিকায় কোনও নাগরিকের তথ্যে কোনও ভুল বা তথ্য সংশোধন করার প্রয়োজন হলে খসড়া তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিভাইজিং অথরিটির কাছে আবেদন করতে হবে। তারা পরবর্তী ৭ দিনের মধ্যে তা সমাধান করবে।

প্রসঙ্গত, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ও ৩০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তবে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ বছর ১ মার্চ ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান। এ-সংক্রান্ত আইন সংশোধন করার কথাও জানান তিনি। তবে এখনও আইনে সংশোধনী আনার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

ইসি জানায়, এবার ভোটার তালিকা হালনাগাদে ৯৫ লাখের বেশি নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছে। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম—এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। বাকি ২ বছরের তথ্য অগ্রিম সংগ্রহ করে রাখা হচ্ছে। বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে এদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ইসির তথ্যমতে, বর্তমানে ১০ কোটি ৪২ লাখের মতো ভোটার রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading