আ.লীগকে হঠাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০৬
ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এই লড়াই কোনো ছোট-খাটো লড়াই নয়, জোর লড়াই। এই লড়াইয়ে সবাইকে অংশ নিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নতুন নির্বাচন আমাদের আদায় করে নিতে হবে।
এর মধ্যেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাখ্যা দেন ফখরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি যে, নির্বাচনটাকে আমরা একটা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই সরকারকে নিয়মতান্ত্রিকভাবে পরাজিত করব। এটাই আমাদের কাজ। সেই কাজটি আমরা করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, এতে আমরা সফল হবে।।
‘কানাডায় রায়ে খালেদা নির্দোষ’: নাইকো দুর্নীতির মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে চললেও কানাডার আদালতের রায়ে এই দুর্নীতির প্রমাণ মেলেনি বলে দাবি করেন বিএনপি মহাসচিব ফখরুল। তিনি বলেন, নাইকো দুর্নীতির মামলা যেটা এই সরকার করেছে, মূল যে মামলা কানাডাতে, সেখানে আন্তর্জাতিক সালিশ নিষ্পত্তিকারী ট্রাইব্যুনালের রায়ের তথ্য গোপন করে রেখেছে এই সরকার। ইতোমধ্যে এই মামলার রায় হয়েছে। এই মামলায় বলা হয়েছে যে, কোনো রকম দুর্নীতি হয়নি এবং খালেদা জিয়াসহ অন্যান্য যাদেরকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল, তারা সম্পূর্ণ নির্দোষ।
জিয়া চ্যারিটেবল ও অরফানেজ দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খাদেলা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা ভিত্তিহীন বলেও এসময় অভিযোগ করেন মির্জা ফখরুল।
জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনটির সদ্য প্রয়াত নেতা কবীর মুরাদের স্মরণে নাগরিক স্মরণ সভায় বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। গত ৭ ডিসেম্বর কবীর মুরাদ মারা যান। যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদেরও সদস্যও ছিলেন।
জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান এম সলিমুল্লাহ খানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের আবদুল্লাহিল মাসুদ, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ শফিকুল ইসলাম, লুৎফর রহমান, মওদুদ হোসেন, আলমগীর পাভেল, মাহফুজুর রহমান ফরহাদ, এমতাজ হোসেন, আবুল কালাম আজাদ, প্রয়াত কবীর মুরাদের স্ত্রী বেগম মমতাজ কবীর প্রমুখ।

