প্রার্থিতা প্রত্যাহারের চাপ আসছে: বিএনপির প্রার্থী ইশরাক
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:৪৬
প্রশাসনের কিছু কর্মকর্তার সহায়তায় বিএনপির কাউন্সিলর প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে ক্ষমতাসীন দলের প্রার্থীরা চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগের কথা বলেন। এর আগে, রাজধানীর গোপীবাগে রিটার্নিং অফিসারের কাছে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের হুমকি, গ্রেপ্তার ও হয়রানির বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানান তিনি।
নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও রিটার্নিং অফিসার আবদুল বাতেন বিএনপির মেয়রপ্রার্থীর লিখিত অভিযোগ গ্রহণ করেন। অভিযোগের বিষয়ে ইশরাক রিটার্নিং অফিসারকে বলেন, ‘আমাদের কাউন্সিলর প্রার্থীরা হুমকি, গ্রেপ্তার ও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এজন্য আপনার কাছে আমরা লিখিত অভিযোগ জানাতে এসেছি।’ জবাবে রিটার্নিং অফিসার আবদুল বাতেন বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’

