পিচ শুকাতে হেয়ার ড্রায়ার!
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৮
কাভারের ফাঁক দিয়ে পানি ঢুকে পিচ ভিজে যাওয়ায় ইন্ডিয়ার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভেস্তে গিয়েছে ইন্ডিয়া-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পিচ শুখাতে মাঠকর্মীরা অক্লান্ত পরিশ্রম করলেও শুরুই করা যায়নি ম্যাচ। খেলা হয়নি এক বলও। পিচ শুকাতে হেয়ার ড্রায়ার-ইস্ত্রি এমনকি ভ্যাকুয়াম ক্লিনার পর্যন্ত ব্যবহার করা হয়। পাশাপাশি সুপারসপার দিয়ে আউটফিল্ড শুকানোর চেষ্টাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই কাজ হলো না। সিরিজের প্রথম ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে পরিত্যক্ত হলো খেলাটি। যদিও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান লপতি বিরাট কোহলি। তবে এরপরই ফের বৃষ্টির বাগড়ায় আর খেলা গড়াতে পারেনি। গত রবিবার (৫ জানুয়ারি) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে হতাশা নিয়ে মাঠ ছাড়েন দু’দলের ক্রিকেটার ও দর্শকরা। ইন্ডিয়ার সাবেক ওপেনার আকাশ চোপড়া সরাসরি সম্প্রচারের সময়ই বলেছিলেন যে, আন্তর্জাতিক ম্যাচের আয়োজনের ক্ষেত্রে কমতি রয়েছে বর্ষাপাড়া স্টেডিয়ামে। কারণ, কাভারের ফাঁক দিয়ে পানি পড়েছে বাইশ গজে। আকাশ চোপড়া বলেছিলেন, ‘এটা স্কুলের ছেলেদের মতো ভুল। আউটফিল্ড একেবারে শুখনো। কিন্তু পিচে জল চলে এসেছে। হয়তো আচ্ছাদনের কিছু জায়গায় ছিদ্র রয়েছে। আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে এটা হতাশাজনক।’ সোশ্যাল মিডিয়াতেও ক্রিকেটপ্রেমীরা বিদ্রুপে ভরিয়ে দিয়েছেন আসাম ক্রিকেট সংস্থাকে। বিশেষ করে হেয়ার ড্রায়ারের ব্যবহার তুমুল সমালোচিত হয়। আগামী ৭ জানুয়ারি ইন্দোরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে।

