পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাতে চান আতিকুল
উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১০
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, এবার নির্বাচিত হলে বিগত ৯ মাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবো। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর বনানীতে আওয়ামী মৎস্যজীবী লীগের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক মেয়র আতিকুল ইসলাম বলেন, যেকোনো খেলার আগে যেমন অনুশীলনের প্রয়োজন হয়, ওয়ার্ম আপ লাগে, এই সময়ে আমার সেটি হয়েছে। এব্যাপারে আমি কঠোর অনুশীলন করেছি। কঠিন ওয়ার্ম আপ করেছি। আশা করি, আমি এবার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো।
মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আজগর লস্কর, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

