ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ আমেরিকান নিহত : ইরান

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ আমেরিকান নিহত : ইরান

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১০

ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ আমেরিকান নিহত হয়েছে বলে ইরান দাবি করেছে। বুধবার (৮ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর দেয়া হয়েছে। তাদের কোনও ক্ষেপণাস্ত্রই প্রতিরোধের মুখে পড়েনি বলেও খবরে বলা হয়। এই হামলাকে আমেরিকার মুখে চড় মেরেছি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। আর আমেরিকার পা কেটে ফেলার হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। আমেরিকায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ব্রিটেন। এ ঘটনায় উদ্বিগ্ন জাপান। তবে মার্কিন স্পিকার দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।

রিভ্যুলিউশনারি গার্ডস-এর সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরো বলা হয়েছে, ওয়াশিংটন প্রতিরোধমূলক কোনও হামলা চালালে তারা এ অঞ্চলে আরো ১শ’ মার্কিন স্থাপনাকে লক্ষ্য হিসেবে বেছে নেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটে আরো দাবি করা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জামও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর প্রথম প্রতিশোধমূলক প্রতিক্রিয়ায় তেহরান বুধবার ভোরে ইরাকের মার্কিন ঘাঁটিতে ওই হামলা চালায়।

আত্মরক্ষার স্বার্থেই মার্কিন ঘাঁটিতে হামলা: এদিকে, ইরাকে মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বৈধ আত্মরক্ষা’ আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দাবি করেছেন, ‘আমাদের পদক্ষেপ আত্মরক্ষার এক বৈধ কৌশল ছিল।’

ইরানের পক্ষ থেকে হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহতের কথা বলো হলেও আমেরিকার তরফ থেকে কোনও সেনা হতাহতের ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। তারা এ বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। তবে হামলার কথা স্বীকার করে এর নিন্দা জানায়। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হতাহতের প্রশ্নে আমেরিকার কল্পনাপ্রসূত কোনও হিসাব দেওয়া উচিত হবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে আইআরজিসি।

আমেরিকার পা কেটে ফেলা হবে: অপরদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আমেরিকার পা কেটে ফেলার হুমকি দিয়েছেন। মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রিসভার বৈঠকে রুহানি বলেন, আমেরিকা হয়তো সোলেমানিকে হত্যা করে আমাদের হাত কেটে দিয়েছে। কিন্তু জবাবে এই অঞ্চল থেকে তাদের পা কেটে ফেলা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading