স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই ছবি
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৫০
বছরের শুরুতে আন্তর্জাতিকভাবে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে হলিউডের দু’টি ছবি । একটি হচ্ছে ক্রাইম থ্রিলার ছবি ‘দ্য ইনফরমার’ এবং অন্যটি সায়েন্স ফিকশন হরর ছবি ‘আন্ডারওয়াটার’। সারা বিশ্বের ন্যায় আগামীকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবি দুটি ।
সায়েন্সফিকশন হররধর্মী ‘আন্ডারওয়াটার’ ছবিটি পরিচালনা করেছেন মার্কিন পরিচালক উইলিয়াম ইউব্যাঙ্ক। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ছবিতে সম্পূন্ন ভিন্নরূপে দেখা যাবে তাকে। এরইমধ্যে যারা ছবির ট্রেলার দেখেছেন তারা এ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। লাস্যময়ী অভিনেত্রী ক্রিস্টেন বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পছন্দ করেন। তার ট্রেডমার্ক ছবিগুলোতে এটা প্রতিয়মান হয়। ‘আন্ডারওয়াটার’ তার নতুন চ্যালেঞ্জ বলে জানিয়েছিলেন তিনি। ‘আন্ডারওয়াটার’ ছবিতে আরো অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ভিনস্টেন ক্যাসেল, জেসিকা হ্যানউইক, জন গ্যালাঘার জুনিয়র, টি জে মিলারসহ অনেকে।
এদিকে, সুইডিশ উপন্যাস ‘থ্রিসেকেন্ডস’ অবলম্বনে ব্রিটিশ ক্রাইম থ্রিলার ছবি ‘দ্য ইনফরমার’ পরিচালনা করেছেন ইতালিয়ান নির্মাতা আন্দ্রে ডিস্টেফানো। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুইডিশ অভিনেতা জোয়েল কিন্নাম্যান। এছাড়া অনান্য চরিত্রে অভিনয় করেছেন- ক্লাইভ ওয়েন, আনাডি আরমাস, রোসমন্ডপাইকসহ অনেকে। ‘দ্য ইনফরমার’ ছবির ট্রেলারে দেখা গেছে, পিটকসলো একজন অপরাধী, যিনি এফবিআইয়ের একজন তথ্যদাতা হিসেবে কাজ করছেন। তিনি গোপনে এক কারাগারে যান সেখানে ফেন্টানিলের কারবারের প্রমাণ পাওয়া যায় কি না তা দেখতে। যদি প্রমাণটি খুঁজে পান তবে তিনি একজন মুক্ত মানুষ হবেন বলে প্রতিশ্রুতি দেয়া হয়। তবে পিটের স্ত্রী সোফিয়া উদ্বেগ প্রকাশ করেন যে যদি তিনি আবার কারাগারে ফিরে যান তবে আর কখনোই ফিরবেন না। একজন পুলিশ গোয়েন্দা তার নিকটবর্তী কারো মৃত্যুর বিষয়টি তদন্ত করছেন। এফবিআই এজেন্ট মন্টগোমেরি উদ্বেগ প্রকাশ করেছেন যে, সেই হত্যাকাণ্ডে একজন এফবিআই তথ্যদাতা উপস্থিত থাকবেন, তাই তিনি তার সহকর্মী এজেন্ট উইলকক্সের পরামর্শের বিপরীতে পিটকে কারাগারের ভেতরে হত্যা করার নির্দেশ দিয়েছেন। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় ছবির কাহিনী। ধুন্দুমার অ্যাকশন আর চোখ ধাঁধানো সব দৃশ্যে ঠাসা ছবিটি দর্শকদের মন জয় করেছে তার আভাস পাওয়া যায় যুক্তরাজ্যে ছবির বক্স অফিস ফলাফল দেখে। এরইমধ্যে যুক্তরাজ্যে মুক্তি পাওয়া ছবিটি প্রায় দেড় মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশেও ছবিটি ভালো সাড়া পাবে। রটেন টমেটো, হলিউড রিপোর্টারসহ খ্যাতনামা পত্রিকাগুলোর রিভিউয়ে ছবিটি ইতিবাচক অবস্থানে রয়েছে।

