বিপাশাকে সন্দেহ করছে মোশাররফ করিম!
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৫২
আসছে ১১ জানুয়ারি ‘সিএমভি ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নতুন নাটক ‘গল্পওয়ালা’। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি রচনা ও পরিচালনা করেন মুরসালিন শুভ । এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম ও পিয়া বিপাশা । এতে আরও অভিনয় করেছেন মুসাফির সৈয়দ, শহীদুল্লাহ সবুজসহ অনেকে। নাটকটিতে দেখা যাবে, টেলিভিশন নাটকের প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার মাহবুব হোসেন। লেখার বিষয়ে যিনি বরাবরই খুঁতখুঁতে। যে কোনো চিত্রনাট্য তিনি আগে নিজের কাছে বিশ্বাসযোগ্য করে তোলেন। চরিত্রগুলো বিশ্বাসযোগ্য না মনে হলে, সেটি তিনি লেখেন না। তার স্ত্রী পিয়া বিপাশা। সুখেই কাটছিল তাদের জীবন। একদিন এই নাট্যকারের হাতে আসে দাম্পত্য কলহ বা সন্দেহ বাতিক নিয়ে একটি চিত্রনাট্যের প্রস্তাব। কিন্তু সেটি তিনি কোনোভাবেই লিখতে পারছিলেন না। কারণ, সংসার জীবন তার বেশ সুখে কাটছে। স্ত্রীকে সন্দেহ করার প্রশ্নই ওঠে না। অন্যদিকে তিনি তার চিত্রনাট্যেরও কোনো অগ্রগতি করতে পারছিলেন না, কারণ এই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। স্বাভাবিক, মোশাররফ করিম চিত্রনাট্য লেখার জন্য নিজের স্ত্রী পিয়া বিপাশাকে সন্দেহ করা শুরু করলেন। গল্পে নেয় নতুন মোড়।
নির্মাতা মুরসালিন শুভ জানান, নাটকটির শেষাংশে থাকবে দর্শকদের জন্য ভয়ংকর এক বিস্ময়! যার জন্য দর্শকরা মোটেও প্রস্তুত থাকবেন না। শুভ বলেন, আমরা চেষ্টা করেছি চলমান নাটকের বাজারে আউট অব বক্স একটা গল্প বলতে। আমরা চেয়েছি একজন সত্যিকারের লেখকের পাগলামি তুলে ধরতে, সঙ্গে নির্মম বাস্তবতাও।

