বিএনপি নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে: আমু

বিএনপি নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে: আমু

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:০৭

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিয়ে বিএনপির মধ্যে ভীতি কাজ করছে। তারা পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। মহিলা শ্রমিক লীগ এই সভায় আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপি এরইমধ্যে তাদের পরাজয় বরণ করে নিয়েছে। তারা বুঝতে পেরেছে ভোটে তাদের জয়লাভ করার কোনও সম্ভাবনা নেই। তাই তারা প্রতিদিন এক-একটা উছিলা দাঁড় করছে। কোনও সময় বলে ইভিএমে সঠিক ভোট হবে না। কোনও সময় বলে আওয়ামী লীগ আচরণ বিধি লঙ্ঘন করছে। এসব কথাবার্তা বলার মধ্যদিয়ে এটা বোঝা যাচ্ছে যে— তারা ভীত। তারা নির্বাচনে পরাজিত হবে বুঝতে পেরেই বেড়িয়ে যাওয়ার পথ খুঁজছে।’

বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আমু আরও বলেন, ‘দল মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস উন্নত ঢাকা চান, ঢাকার ঐতিহ্য আবারও পুনরুদ্ধার করতে চান। তিনি ঢাকাবাসীকে নাগরিক সুবিধা প্রদান করতে চান, দুর্নীতি-মাদকমুক্ত ঢাকা চান। এই সব প্রতিশ্রুতি তার কর্মসূচির মধ্যে রয়েছে। মানুষ যেটা চায়, সেটা তাপসের কন্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষের উচিত তাকে ভোট দিয়ে নির্বাচিত করা।’

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন— আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading