আ.লীগে নতুন সাংগঠনিক সম্পাদক, দায়িত্ব বণ্টন
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:০৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তার মনোনয়নের সঙ্গে ৮ সাংগঠনিক বিভাগের সাংগঠনিক দায়িত্ব বণ্টনের কথা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দেওয়া ক্ষমতাবলে দলের সভাপতি শেখ হাসিনা- দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন শফিককে মনোনয়ন দিয়েছেন। বগুড়া সদরের বাসিন্দা শফিক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এক সময়। তাকে নিয়ে আট বিভাগে আটজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
কোন বিভাগ কার দায়িত্বে?: বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ক্ষমতাবলে দলের সভাপতি নব-নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।
যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহাবুব-উল আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে, দীপু মণিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগে এবং আফম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরদিকে, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে চট্টগ্রামে, বিএম মোজাম্মেল হককে খুলনায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুরে, এসএম কামাল হোসেনকে রাজশাহীতে, মির্জা আজমকে ঢাকায়, আফজাল হোসেনকে বরিশালে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহে ও সাখাওয়াত হোসেন শফিককে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

