এমপি মোজাম্মেলের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১২
বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় এমপি মোজাম্মেল হোসেন মারা যান বলে তার ছেলে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ হোসেন জানান। শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মোজাম্মেল হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম এবং তৃতীয় দফায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কোচুবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গছে।
মোজাম্মেল হোসেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৪০ সালের ১ আগস্ট জন্ম নেয়া আওয়ামী লীগের এই প্রবীণ নেতা একসময় প্রতিমন্ত্রীও ছিলেন। তিনি বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮৪ সাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

