পুলিশকে ভয় পাই না: ইশরাক
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪০
দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি। আমরা পুলিশকে ভয় পাই না। আমরা মুক্তিযোদ্ধার জাতি। গত ১৩ বছর যারা ক্ষমতায় রয়েছে আমরা তো দেখেছি তারা কী করতে পারে। তাদের কোনো জনসমর্থন নেই।’
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন শনিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে প্রচারণা শুরু করার আগে এক পথসভায় তিনি এ কথা বলেন।
শীতের মধ্যে গণসংযোগে নেতাকর্মীদের উপস্থিত হওয়ায় জন্য ধন্যবাদ জানিয়ে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বলেন, ‘আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যক্তি ইশরাক কিছুই না। এটা একটি দলের লড়াই। ধানের শীষের লড়াই। এটা মুক্তির লড়াই, আমাদের নেত্রীকে জেল থেকে বের করার লড়াই। আপনারা যদি দেশে শান্তি ফিরে পেতে চান, আপনাদের ভোটের অধিকার ফিরে পেতে চান, আপনারা যদি গণতন্ত্রকে রক্ষা করতে চান এবং দুর্নীতির যে মহোৎসব হচ্ছে তা থেকে মুক্তি পেতে চান- তাহলে জোরালভাবে মাঠে থাকতে হবে। কোনোভাবেই আপনারা ভয় পাবেন না। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

