ভোট চাওয়া ছাড়া এমপিরা সব করতে পারবেন: তোফায়েল
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪১
আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক ও বর্ষিয়ান সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমরা সংসদ সদস্যরা ঘরোয়াভাবে অফিসে বসে বা মহল্লার কোনও বাসায় বসে মিটিং করতে পারবো। এগুলোতে কোনও বাধা নেই। তবে ভোট চাইতে পারবো না। নির্বাচন কমিশন এটা ক্লিয়ার করেছে।’ শনিবার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সম্মেলন কক্ষে ইসির সঙ্গে বৈঠক হয়। আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
পরে সাবেক মন্ত্রী তোফায়েল বলেন, ‘আমরা এমপিরা পথসভায় যাবো না। বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেইন করবো না। কিন্তু আমাদের যে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তো ঘরোয়াভাবে মিটিং করতে পারবো। নির্বাচন সংক্রান্ত কোনও ক্যাম্পেইনে যেতে পারবো না, সেটা আমরা মেনে নিয়েছি। তারা (ইসি) অনুরোধ করেছে, এমপিদের ভোট না চাইতে। ভোট চাওয়া ছাড়া আমরা সব করবো।’
তোফায়েল বলেন, ‘গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। যেহেতু আমরা ক্ষমতাসীন দল, তাই আমরা এমন কোনও কাজ করবো না, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারও নামে ওয়ারেন্ট থাকলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে। এতে তাদের কিছু করার নেই। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে যে অপপ্রচার চলছে, তা বন্ধের উদ্যোগ নেবে ইসি।’

