মন্ত্রিত্ব ছেড়ে নির্বাচনী প্রচারে আসুন: কাদেরকে ফখরুল

মন্ত্রিত্ব ছেড়ে নির্বাচনী প্রচারে আসুন: কাদেরকে ফখরুল

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪৩

নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাদেরের উদ্দেশ্যে ফখরুল বলেছেন, আইন অনুযায়ী, আপনি মন্ত্রী বা এমপি থাকলে নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাই আপনি মন্ত্রিত্ব এবং সংসদ সদস্যের পদ ছেড়ে দিয়ে নির্বাচনী প্রচারণা চালান। আমাদের কোনো আপত্তি থাকবে না।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘খুব দুঃখ করে ওবায়দুল কাদের বলেছেন, যদি ফখরুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে আমি পারবো না কেন? একশ’ বার পারবেন। এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন। আসুন একসঙ্গে নির্বাচন করি। আইন তো তাই বলে। আপনি নৌকার জন্য নির্বাচনী প্রচারণা চালান আর আমি ধানের শীষের প্রচারণা চালাই। দেখা যাক, জনগণ কোন দিকে থাকে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে আজ বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। বারবার বলা হচ্ছে, আদালত তাদের দায়িত্ব পালন করছে। সরকার দেশের সব রাষ্ট্রযন্ত্রকে দখল করার পাশাপাশি বিচার বিভাগকে দখল করে নিয়েছে। বারবার বলেছি, এখনও বলছি, খালেদা জিয়াকে যে আইনের ধারায় আটক করে রাখা হয়েছে সেই আইনের ধারায় অনেক মানুষকেই আপনারা জামিন দিয়েছেন। বিচার বিভাগের কাছে আমার প্রশ্ন, মানুষ সব জায়গায় নির্যাতিত-নিপীড়িত হলে সর্বশেষ বিচার বিভাগের কাছে যায়, যাতে আশ্রয় পায়।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, সাংবাদিক নেতা গাজী রুহুল অমিন প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading