এমপিরা নির্বাচনী সমন্বয়ক থাকতে পারবেন না: সিইসি

এমপিরা নির্বাচনী সমন্বয়ক থাকতে পারবেন না: সিইসি

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪২

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষে সংসদ সদস্যরা ভোট চাইতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, ‘নির্বাচনের ব্যাপারে এমপিদের কোনও সম্পৃক্ততা থাকতে পারবে না। তাছাড়া তারা সবই করতে পারবেন। নির্বাচনের বাইরে তাদের নিষ্ক্রিয় করার সুযোগ নেই। নির্বাচনের কোনও সমন্বয়ের কাজ তারা করতে পারবেন না। নির্বাচনের কোনও কার্যক্রম ঘরোয়া হোক বা বাইরের হোক, সেটা তারা করতে পারবেন না। বিধিতে সেভাবেই বলা আছে। তাদের আমরা সেটি বুঝিয়ে বলেছি।’

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে ইসির সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু নির্বাচনের সমন্বয়কের দায়িত্বে থাকতে পারবেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘আমার মনে হয় তারা থাকতে পারেন না। তবে সমন্বয়কের কমিটিতে কে আছেন অফিসিয়ালি তেমন কোনও তথ্য আমরা পাইনি। পেলে তাদের নিষেধ করবো, সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন না করতে। তবে ঘরে বসে কী করবেন, সেটা আমি কী করে বলবো?’

প্রার্থীর সঙ্গে এমপিরা থাকতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রার্থীর সঙ্গে এমপিরা থাকার ব্যাপারে আইনে তো তেমন কোনও বাধা-নিষেধ নেই। যদি নির্বাচনী এলাকায় কোনও রাজনৈতিক কর্মকাণ্ড থাকে সেখানে প্রার্থী যেতে পারবেন না- সেটি আমি বলতে পারি না। এমপিরা যেতে পারবেন। তবে নির্বাচন নিয়ে কোনও কথা বলতে পারবে না। রাজনৈতিক কর্মকাণ্ড যেমন মুজিববর্ষ পালন হচ্ছে, সেখানে সভা সমাবেশের আয়োজন হলে সবাই যেতে পারবেন। শুধু প্রার্থীর হয়ে প্রচার আর ভোট চাইতে পারবেন না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading