আরেকটি ১৫ আগস্ট ঘটাতে শকুনেরা ঘুরছে: শামীম ওসমান
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৫৬
৭৫-এর ১৫ আগস্টের মতো আরেকটি ঘটনা যেন না ঘটে এ জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। একইসঙ্গে আলোচিত এই এমপি বলেছেন, ‘আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি, ঠিক সেই সময় আরেকটি ১৫ আগস্ট করার জন্য মাথার ওপর শকুনেরা ঘুরছে। আর সেটি শেখ হাসিনাকে টার্গেট করে। এ ধরনের কিছু ঘটলে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই আমাদের সচেতন থাকতে হবে; শুধু শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর জন্য নয়, এ দেশের মাটি ও নতুন প্রজন্মের জন্য।’
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘শিক্ষকরাই শেখ মুজিবুর রহমানের খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার ইতিহাস নতুন প্রজন্মকে শেখাতে পারেন।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে জানতে হলে তার লেখা বই পড়তে হবে।’ মুক্তিযুদ্ধের বই পড়ার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীমউদ্দীন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল প্রমুখ।

