ফিরমিনোর গোলে আবারও শীর্ষে লিভারপুল
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ৩০
রবের্তো ফিরমিনোর গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে গতকাল শনিবার (১১ জানুয়ারি) ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। দুইয়ে থাকা লেস্টার সিটির চেয়ে ১৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল ‘অল রেড’ নামে পরিচিত দলটি। ম্যাচের ৩৭তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। মোহামেদ সালাহর ছোট পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ফিরমিনো। আসরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি সপ্তম গোল। ৭৫তম মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ পেয়েছিলেন সন হিয়ুং-মিন।
কিন্তু ক্রসবারের উপর দিয়ে মেরে হতাশ করেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড। আট মিনিট পর খুব কাছ থেকে সুবর্ণ সুযোগ নষ্ট করেন টটেনহ্যামের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। যোগ করা সময়ে সনের আরেকটি প্রচেষ্টা রুখে দিয়ে পুরো ৩ পয়েন্ট নিশ্চিত করেন লিভারপুল গোলরক্ষক আলিসন। ২১ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৬১। ঘরের মাঠে সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া লেস্টারের পয়েন্ট ৪৫। এক ম্যাচ বেশিও খেলেছে ২০১৫-১৬ আসরের চ্যাম্পিয়নরা। ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ২১ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। নরিচ সিটিকে ৪-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৩৪ পয়েন্ট নিয়ে আছে তারপরেই। ৩০ পয়েন্ট নিয়ে আট নম্বরে আঠে টটেনহ্যাম। দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ ড্র করা আর্সেনাল ২৮ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে।

