টয়লেট সংকট থাকবে না: ইশরাক
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৫৫
নির্বাচিত হলে ৩ মাসের মধ্যে পাবলিক টয়লেট সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ঢাকার সাবেক মেয়র খোকার ছেলে সোমবার (১৩ জানুয়ারি) চতুর্থ দিনের মতো গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ইশরাক হোসেন বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রত্যেক ওয়ার্ডের জনবসতি অনুপাতিক পাবলিক টয়লেট প্রতিস্থাপন করব। সেখানে নারীদের জন্য এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।’
নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। যেসব এলাকায় গণসংযোগ করছি সেখানকার বাসিন্দা, বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আমাদেরকে সমর্থন করছে।’ এক প্রশ্নের জবাবে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘আমরা আশঙ্কা করছি, বাধার সম্মুখীন হতে পারি। মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি, যত বাধাই আসুক কোনো বাধা আমরা মানবো না। আমাদের কাজ আমরা চালিয়ে যাব।
ভোটারদের উদ্দেশে ইশরাক বলেন, ৩০ তারিখ আপনারা ভোট দিতে আসবেন। আপনারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেজন্য আমরা মাঠে থাকবো।

