আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৫৫
ঢাকার আশুলিয়ার গোকুলনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর বাড়িটি ঘেরাও করা হয়। থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক সদস্য অভিযান পরিচালনা করছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান এ তথ্য জানান।
সাইদুর রহমান বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে আমরা বাড়িটি ঘিরে রেখেছি। আমি ঘটনাস্থলে রয়েছি। অভিযান চলছে।’ স্থানীয়রা জানান, বাড়িটি আক্তার নামে একজন সৌদি আরব প্রবাসীর। কয়েকদিন আগে বাড়িটি ভাড়া দিয়েছেন তিনি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই বাড়িতে জঙ্গি সদস্য, বিস্ফোরক দ্রব্য ও গোলা বারুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ঘেরাও করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য লেহাজ বলেন, ‘বাড়িতে জঙ্গি রয়েছে এমন খবরের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে আসেন। বাড়িটি ১৫ দিন আগে ভাড়া দেওয়া হয়। তবে বাড়ির মালিক সৌদি আরব থাকেন।’
তবে ওই বাড়িতে কতজন জঙ্গি বা কী পরিমাণ বিস্ফোরক রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

