পুলিশের বাধায় পদযাত্রা পণ্ড, শাহবগে বিক্ষোভ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ২০
ঢাকার সিটি ভোটের তারিখ পেছানোর দাবিতে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধায় থমকে গেছে শাহবাগেই। তবে বাধা পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার (১৫ জানুয়ারি) টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে। এতে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হয়েছেন ওই সড়কে যাতায়াতকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে এক ব্যক্তি গাড়ি নিয়ে ওই সময় শাহবাগ মোড় পার হতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ওই ব্যক্তি তখন আগ্নেয়াস্ত্র বের করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অস্ত্র কেড়ে নিয়ে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে, আন্দোলনকারীরা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থী-কমকর্তা-কর্মচারীসহ সবাইকে নিয়ে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে। এছাড়া ঢাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ঢাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ঢাকার দুই সিটির ভোটের দিন ৩০ জানুয়ারি সরস্বতী পূজার মধ্যে পড়ায় ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে ডাকসুসহ বিভিন্ন সংগঠন। একজন আইনজীবী এ দাবিতে হাইকোর্টে গেলেও আদালত তা খারিজ করে দেয়। ফলে ভোটের তারিখ ৩০ জানুয়ারিই থাকে।
তবে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্ট রিট বাতিল করার পর ওইদিন বিকালে প্রায় দুই ঘণ্টা শাহবাগ মোড় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সেখান থেকেই বুধবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী বুধবার বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী যোগ দেয় ওই কর্মসূচিতে। ঘণ্টাখানেক তারা সেখানে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ছাত্রলীগের ঢাবির সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কোনো সিদ্ধান্তকে মেনে নিতে পারে না, যাতে সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ ঘটে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে আপনারা নিজেরা সাম্প্রদায়িক সিদ্ধান্ত নিলে এটা ছাত্র সমাজ মেনে নেবে না। নিবাচন কমিশন সাংবিধানিক এবং স্বাধীন প্রতিষ্ঠান। নিবাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিবাচন কমিশনকেই নিতে হবে।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন ঘেরাও করতে পদযাত্রা শুরু করেন। কিন্তু শাহবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এরপর শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে বেলা ২টার দিকে গুরুত্বপূর্ণ ওই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা সেখানে তাদের বিক্ষোভ চলে। বিকাল ৩টায় সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস। তিনি বলেন, ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কমকর্তা-কমচারীদের সঙ্গে নিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেবেন তারা। এছাড়া একই দাবিতে ঢাকা শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।
পুলিশ জানিয়েছে, কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা শাহবাগ থেকে অবস্থান তুলে নিলে বিকাল ৩টার পর ওই মোড় হয়ে আবার যান চলাচল শুরু হয়।

