৫২ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১০
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার (১৭ জানুয়ারি) টঙ্গী তুরাগ নদ তীরে ইজতেমা ময়দানে শুরু হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ আসর থেকে শুরু হয়েছে প্রাক প্রস্তুতি বয়ান। শীত উপেক্ষা করে মুসল্লিরা জড়ো হচ্ছেন ইজতেমা ময়দানে। এরই মধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আগামী রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্বে অংশ নিতে মাওলানা সা’দ কান্ধলভী মনোনীত দিল্লির নিজামুদ্দিন মারকাজের ৩২ সদস্যের জামাত ইতিমধ্যে ময়দানে এসে পৌঁছেছেন। এ জামাতের নেতৃত্বে রয়েছেন শূরা সদস্য মাওলানা আবদুস সাত্তার। এ জামাতকে অভ্যর্থনা জানান বাংলাদেশের শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মুফতি ইজাহার আহমেদ।
এদিন ইজতেমার বিভিন্ন দায়িত্বে নিয়োজিতদের উদ্দেশে বিশেষ বয়ান (নজমের বয়ান) করেন ইন্ডিয়ার মাওলানা মুফতি রিয়াজুর রহমান।
এছাড়া বিভিন্ন দায়িত্ব সম্পাদনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কমিটি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, দ্বিতীয় পর্বেও প্রথম পর্বের মতো নিরাপত্তাব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ হাজার সদস্য নিয়োজিত থাকবেন।
ইন্দোনেশিয়া থেকে আসা মুসল্লি মো. সামসুল আরেফিন জানান, প্রথম চিল্লা (৪০ দিন) বাংলাদেশ ও ২য় চিল্লা ইন্ডিয়ায় শেষ করে ইজতেমায় এসেছি। আখেরি মোনাজাতের পর আবার তৃতীয় চিল্লায় দাওয়াতি কাজে বেরিয়ে যাব। আল্লাহকে রাজি-খুশি করতে পারলে জিন্দেগি ও আখেরাত সুন্দর হবে বলে তার বিশ্বাস।
আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী শাহ মো. মুহিববুল্লাহ জানান, ময়দানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবীদের প্রস্তুতি ছাড়াও ডেসকো, তিতাস, ওয়াসাসহ সরকারের সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলো তাদের অক্লান্ত পরিশ্রমে মাঠ প্রস্তুতি সম্পন্ন করছেন।
গত রোববার প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাত শেষে মুসল্লিরা মাঠ ছেড়ে চলে গেছেন। এর পর গত মঙ্গলবারই মাঠের দায়িত্ব বুঝে নেন স্থানীয় পুলিশ প্রশাসন।

