মামলার খবর ভুলভাবে প্রচার হয়েছে: ইশরাক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার খবর কিছু কিছু গণমাধ্যম ভুলভাবে তুলে ধরেছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই অভিযোগ করেন। ভুলভাবে সংবাদ উপস্থাপনের উদাহরণ হিসেবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ইশকার। তিনি বলেন, ‘ওই খবরে বলা হচ্ছে, দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। কিন্তু মূল বিষয়টি তা নয়। আমাকে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। দেশের বাইরে থাকায় নির্ধারিত সময়ে তার জবাব দিতে পারিনি বলেই মামলা হয়েছে। এখানে দুর্নীতির কোনও বিষয় নেই। আশা করি, সব গণমাধ্যম এই বিষয়ে একটু সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশন করবে।’ তিনি বলেন, ‘২০১০ সাল থেকে এনবিআরকে ট্যাক্স দিয়ে আসছি আমি। তাদের কাছে আমার সম্পদের বিবরণী রয়েছে। নির্বাচন কমিশনে দুইটি ইলেকশনের আগে আমার সম্পদের বিবরণী দাখিল করতে হয়েছে। এটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা ছাড়া অন্য কিছু নয়।’

