তাবিথের পোস্টার কেউ ছিঁড়বে না: আতিকের আশ্বাস
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ৫০
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পোস্টার কেউ ছিঁড়বে না বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি বা আমাদের নেতারা যদি বলতো পোস্টার ছিঁড়তে, তাহলে তাবিথ আউয়ালের একটি পোস্টারও থাকতো না। আপনার (তাবিথ আউয়াল) পোস্টার দিন, লাগিয়ে দেবো। একটা পোস্টারও কেউ ছিঁড়বে না।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ১২ নম্বরে নির্বাচনী প্রচারণা শুরুর সময় আতিকুল ইসলাম এসব কথা বলেন। এর আগে তাবিথ আউয়াল বিভিন্ন স্থানে লাগানো তার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছিলেন।
আতিকুল ইসলাম বলেন, আপনারাই দেখুন পুরো ঢাকায় তাবিথ আউয়ালের পোস্টার ছেয়ে গেছে। আমি আপনাকে স্বাগত জানাই, আপনাকে বলছি, আপনার পোস্টার দিন, আমি লাগিয়ে দেবো। কেউ একটি পোস্টারও ছিঁড়বে না। আওয়ামী লীগ গণতন্ত্রের রাজনীতি করে। অভিযোগ না করে শেষ পর্যন্ত মাঠে থাকেন, ৩০ জানুয়ারি দেখা যাবে, নৌকা বিজয়ী হবেই।
সরস্বতী পূজা উপলক্ষে নির্বাচন পেছানোর দাবির সঙ্গে একমত পোষণ করে আতিক বলেন, আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি সম্ভব হয় অবশ্যই নির্বাচন পেছানো হোক। আমাদের খেয়াল রাখতে হবে, ধর্ম পালনে কারও যেন কোনও বিঘ্ন না ঘটে।

