এমপি মান্নানের জানাজা সোমবার : দাফন নিজ গ্রামে
উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:১৮
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের প্রথম জানাজা আগামী (২০ জানুয়ারি) সোমবার অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ জানুয়ারি) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, আগামী সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল মান্নানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা থেকে হেলিকপ্টারে মরহুমের মরদেহ নিজ সংসদীয় এলাকা বগুড়ার সোনাতলায় নেওয়া হবে। সেখানেও একটি জানাজা হবে। এরপর সারিয়াকান্দিতে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আব্দুল মান্নানের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আব্দুল মান্নানের মেয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আছেন। সেখান থেকে রোববার (১৯ জানুয়ারি) রাতে তিনি দেশে ফিরবেন। সে পর্যন্ত আব্দুল মান্নানের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে।
সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মান্নান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান। সেখানেই বুকে ব্যথা শুরু হলে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন সারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কদেরসহ অনেকেই শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। সেই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

