রোববার আখেরি মোনাজাতে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা

রোববার আখেরি মোনাজাতে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২০

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শনিবার (১৮ জানুয়ারি) বাদ ফজর থেকে লাখ লাখ মুসল্লির উদ্দেশে আম বয়ান শুরু হয়েছে। পবিত্র কোরআন-হাদিসের আলোকে এ বয়ান চলে এশার নামাজের আগ পর্যন্ত। এর পর রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, আখেরি মোনাজাতে শরিক হতে বিশ্ব ইজতেমা ময়দানের দিকে দলে দলে মুসল্লিরা আসছেন। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের আসা অব্যাহত থাকবে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দ্বিতীয় পর্বের ইজতেমায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২০ সালের ৫২তম বিশ্ব ইজতেমা। এর আগে গত ১০ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে যোগ দেন মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। ১৭ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের তিন দিনের ইজতেমায় পরিচালনা করছেন দিল্লীর মাওলানা সা’দ অনুসারীরা।

ইজতেমা ময়দানের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনই জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ভারত, পাকিস্তান, ইংল্যান্ডসহ বিশ্বের ৩৫ দেশ থেকে দেড় সহস্রাধিক মুসল্লি আসেন। ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ময়দানে রয়েছেন বিদেশি মেহমানরা।

আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, শনিবার মধ্যরাত থেকে রোববার বিকেল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরেরবাজার থেকে স্টেশন রোড পর্যন্ত, কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। তিনি বলেন, ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকা কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। প্যান্ডেলের ভেতরে ও বাইরে মুসল্লি বেশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহস্রাধিক সদস্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading