প্রথম আলো সম্পাদকের জামিন আবেদন, শুনানি সোমবার
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৪২
ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ছয়জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করেছেন। তাদের আবেদনের ওপর শুনানির জন্য সোমবার (২০ জানুয়ারি) দিন রেখেছে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। ওই সময় পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার ও কোনো ধরনের হয়রানি না করার আবেদনে প্রাথমিক শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে রোববার এ আদেশ দেয়। আসামিদের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম।
আবেদনকারী অন্য আসামিরা হলেন- পত্রিকাটির সহযোগী সম্পাদক আনিসুল হক, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহ পরাণ তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।
আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর দুদিন পর তারা জামিনের জন্য হাইকোর্টে যান।
মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গত ১ নভেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হয় নবম শ্রেণির ছাত্র নাঈম আবরার রাহাত। মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওই অনুষ্ঠানের আয়োজক ছিল প্রথম আলোর কিশোর সাময়িকী- কিশোর আলো। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান কিশোর আলোরও প্রকাশক; আর কিশোর আলোর সম্পাদক আনিসুল হক।
আবরারের বাবা মো. মুজিবুর রহমান গত ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। সেখানে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়।

