অভিনেত্রী ইশরাত নিশাত আর নেই

অভিনেত্রী ইশরাত নিশাত আর নেই

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:১২

মঞ্চ অভিনেত্রী ও নির্দেশক ইশরাত নিশাত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। জানা গেছে, আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিশাতের মরদেহ রাখা হবে। তার জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর তাকে বনানী গোরস্থানে দাফন করা হবে। ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তিনি ‘দেশ নাটক’ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চে তিনি একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। তার নির্দেশনায় ‘দেশ নাটক’ প্রযোজনা ‘অরক্ষিতা’ প্রশংসিত হয়। নাসির উদ্দীন ইউসুফের আলোচিত ‘আলফা’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ইশরাত নিশাত। অনেক নাটকে ও আবৃত্তি প্রযোজনায় মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছিলেন অনন্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading