বিয়ের পর সৃজিত শান্ত হয়ে গিয়েছে: রাইমা সেন
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫৮
সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। কলকাতার পাশাপাশি বলিউডেও দারুণ দর্শকপ্রিয়তা রয়েছে তার। নিয়মিত অভিনয় করে যাচ্ছেন রাইমা। তবে হরহামেশাই শুনতে হয় একটি কথা। আর তা হলো বিয়ে করছেন কবে। এ প্রশ্ন শুনতে শুনতে অনেকটা ক্লান্ত রাইমা। তার ভাষায়, ‘আমার বিয়ে হলে কার কী সুবিধা হবে?’ এ অভিনেত্রী বলেন, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল। বাবা-মা যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, রোজগার করছি, ট্রাভেল করছি। কারো কাছে জবাবদিহি করার নেই। শুধু বিয়ে করার জন্য বিয়ে করব না, যদি না পাগলের মতো কারো প্রেমে পড়ি। আর তাকেও আমার সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ করতে হবে।’
এদিকে ‘দ্বিতীয় পুরুষ’- নামে ছবিতে কাজ করেছেন রাইমা। ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘বাইশে শ্রাবণ’-এর যে সিক্যুয়েল হতে পারে, সেটা কখনও ভাবিনি। কিন্তু সৃজিত (মুখোপাধ্যায়) আর মণি (মহেন্দ্র সোনি) যখন ফোন করে ছবির কথা বলল, খুশিই হয়েছিলাম। সৃজিতের সঙ্গে এতো বছর পরে কাজ করলাম। আগে একটু হট-হেডেড ছিল। বিয়ে করে বেশ শান্ত হয়ে গিয়েছে (মুচকি হাসি)। আবীরের (চট্টোপাধ্যায়) সঙ্গে অনেক দিন পরে কাজ করলাম। ‘বাইশে শ্রাবণ’-এর সময়ে একটু ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু এবার পুরোনো কানেকশন, চেনাজানা ইউনিট, সব মিলিয়ে ব্যাপারটা কমফর্টিং ছিল। প্রসঙ্গত গেল ৬ ডিসেম্বর বাংলাদেশের মেয়ে মিথিলাকে রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত। সূত্র: আনন্দবাজার।

