লেমিনেটেড পোস্টার বন্ধ করতে হাই কোর্টের নির্দেশ

লেমিনেটেড পোস্টার বন্ধ করতে হাই কোর্টের নির্দেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২২

পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় ঢাকা সিটি করপোরেশন এলাকায় লেমিনেটেড পোস্টার ছাপা ও প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনা চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।

সারা দেশে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপা এবং প্রদর্শন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও সুলায়মান হাওলাদার ‘লেমিনেটেড পোস্টার ইন সিটি পোলস : এ বিগ থ্রেট টু এনভায়রনমেন্ট’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার চলার মধ্যেই আদালতের এই নির্দেশ এল। ভোটের প্রচারে প্রার্থীদের অনেকেই লেমিনেটেড পোস্টার ব্যবহার করছেন।

অ্যাডভোকেট মনোজ বলেন, “রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারা দেশে বিশেষ করে ঢাকা সিটি করপোরেশন এলাকায় লেমিনেটেড পোস্টার ছাপা, প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

“এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যেসব পোস্টার প্রদর্শন করা হয়েছে, নির্বাচনের পরপরই প্রদর্শিত সব পোস্টার অপসারণ করে যথাযথভাবে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন।”

প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হলেও বৃষ্টি, কুয়াশা, আর্দ্রতা কিংবা ধুলাবালি থেকে পোস্টারগুলো রক্ষা করার জন্য লেমিনেটেড পোস্টার কিংবা পোস্টার প্লাস্টিকের মোড়কে ব্যবহার করছেন প্রার্থীরা।

পরিবেশবিদরা বলছেন, পোস্টার প্লাস্টিকে মোড়ানোর (লেমিনেটেড) কারণে পরিবেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিপুল পরিমাণ প্লাস্টিক নর্দমায় গিয়ে জমা হয়ে বর্ষায় জলাবদ্ধতার কারণ হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading