কনের মাকে নিয়ে পালিয়ে গেল বরের বাবা!
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২৪
অবাক হওয়ার মতো কাণ্ড। সন্তানের বিয়ের কিছুদিন আগেই পাত্রের বাবার সঙ্গে পালিয়ে গেল কনের মা। এই ঘটনায় হইচই শুরু হয়েছে ইন্ডিয়ার গুজরাটে। আগে থেকে নাকি তাদের মধ্যে প্রেম ছিল। কিন্তু সেটা সফলতার মুখ দেখেনি। সেই সম্পর্ক সমাপ্তির পরে দু’জনেই দিব্যি বিয়ে করে সংসার করছিলেন। ইতোমধ্যে তাদের সন্তানরাও বিয়ের বয়সী হয়েছে। আর সেই সন্তানের বিয়েকে কেন্দ্র করে আবারও তাদের মধ্যে যোগাযোগের সূত্রপাত। ধীরে ধীরে জমে উঠে তাদের পুরানো প্রেম। কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকেনি। ছেলে-মেয়ের বিয়ের এক মাস আগেই কনের বাবাকে নিয়ে পালিয়ে গেলেন বরের বাবা। জানা গেছে, গুজরাটের সুরাটের কাঁটারগাঁওয়ের বস্ত্র ব্যবসায়ীর ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওই নারীর মেয়ের। কিন্তু বিয়ের দশদিন আগেই নিখোঁজ হয়ে যান ৪৮ বছরের ব্যবসায়ী ও ৪৬ বছরের ওই মহিলা। এরপর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরেই আপাতত বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাদের ছেলে-মেয়ে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই বিয়ে হওয়ার কথা ছিল দু’জনের। কিন্তু তাদের বাবা-মা যে এভাবে পালিয়ে যাবে তা ভাবতেই পারেনি সন্তানরা। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগে বলা হয়েছে, জানুয়ারির ১০ তারিখ নিখোঁজ হয়ে গেছেন দুই প্রাপ্তবয়স্ক। পুলিশের মতে, দু’জনের মধ্যে আগে থেকেই যোগাযোগ ছিল। দীর্ঘদিন আগে সুরাটের কাঁটারগাঁওয়ে পাশাপাশি থাকতেন দু’জন। তখন থেকেই ভালবাসার সম্পর্ক ছিল। সূত্রের খবর, দীর্ঘদিন আগেই দু’জন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা তা হতে দেননি। কাকতালীয়ভাবে সন্তানের বিয়ে ঠিক করার সময় দু’জনের ফের দেখা হয়। বিয়ের দিনও ঠিক হয়ে যায়। তারপরই পালানোর সিদ্ধান্ত নেন দু’জনে।

