কলকাতার আগে বাংলাদেশে ‘হুল্লোড়’
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৫৬
আগামী ২৪ জানুয়ারি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘হুল্লোড়’। একই দিনে ছবিটির শুভ মুক্তির কথা ছিল কলকাতাতেও। তবে পূর্বনির্ধারিত তারিখে ছবিটি মুক্তি পাচ্ছে না পশ্চিমবঙ্গে । তবে বাংলাদেশের জন্য তারিখটি ঠিকই থাকছে বলে জানালেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। যারা ফলে কলকাতায় নয়, বাংলাদেশেই আগে মুক্তি পাবে কলকাতার এ ছবিটি।
এ প্রসঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘প্রথমে একই দিনে মুক্তির কথা ছিল। তবে কলকাতা এটি পিছিয়ে ৭ ফেব্রুয়ারি করেছে। বাংলাদেশে পূর্বের তারিখেই মুক্তি দেবো ছবিটি। এই প্রথম এমন ঘটনা ঘটছে। কলকাতায় মুক্তির আগেই আমরা বাংলাদেশে মুক্তি দিতে যাচ্ছি সিনেমা, যা আগে হয়নি।’ এসকে মুভিজ প্রযোজিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম ও দর্শনা বণিক। এ সিনেমার গল্পজুড়ে দেখানো হয়েছে উত্তর আর দক্ষিণ কলকাতার লড়াই। সোহম আর শ্রাবন্তী দক্ষিণ কলকাতার বাসিন্দা, ওম আর দর্শনা উত্তর কলকাতার। সোহম ঘরজামাই। এদিকে শাপলা মিডিয়া জানায়, বাংলাদেশে ‘হুল্লোড়’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে তাদের প্রযোজিত শাকিব-বুবলী জুটির ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। তবে এই ছবিটি পশ্চিমবঙ্গে কবে মুক্তি পাবে তা জানা নেই প্রযোজনা প্রতিষ্ঠানটির।

