কলকাতার ছবিতে শাকিব, কমাচ্ছেন ওজন
উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৬
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সমানতালে জনপ্রিয় কলকাতাতেও। ইতমধ্যেই কলকাতায় মুক্তি পেয়েছে তার বেশ কয়েকটি ছবি। শোনা যাচ্ছে আবারও কলকাতার ছবিতে অভিনয় করবেন তিনি। তাই তো শরীরের ওজন কমাচ্ছেন শাকিব।
শাকিব খানের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ সপ্তাহ ধরে নিয়মিত জিমে যাচ্ছেন শাকিব। সেখানে ঘাম ঝরিয়ে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এছাড়া আগামী সপ্তাহের শেষের দিকে কলকাতার একটি প্রযোজনা সংস্থার সঙ্গে মিটিং করবেন। এছাড়া ‘বীর’ সিনেমার এডিটিংয়ের কাজ করবেন কলকাতায়। সেই সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে কলকাতার সিনেমায় আবারও কাজ করতে যাচ্ছেন শাকিব খান; এই খবর শোনা গেলেও অফিসিয়ালি কোনো মিটিং হয়নি। এবারই কলকাতার অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে মিটিংয়ে বসতে যাচ্ছেন শাকিব। মিটিং শেষ করে দেশে ফিরেই ঈদের সিনেমার কাজে হাত দিবেন তিনি। এর আগে শাকিব খান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ‘নাকাব’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন। এরপর বেশ কয়েকবার এই প্রতিষ্ঠানের ছবি করার কথা শোনা গেলেও ছবিগুলো আর করেননি শাকিব।

